html

Showing posts with label প্রশান্ত বারিক. Show all posts
Showing posts with label প্রশান্ত বারিক. Show all posts

Friday, November 16, 2018

প্রশান্ত বারিক

 প্রশান্ত বারিক

 প্রশান্ত বারিকের কবিতা

   [এক ]

এক এক পথে এসে
দাঁয়ে বাঁয়ে দেখি
কাঁধে হাত রাখার মানুষটা নেই
তাই এক এক পথে এসে শ্বাসকষ্ট হয়
খিঁচ লাগে পায়ের শিরায়

    [দুই]

একটা গাছ আকাশ ছাড়িয়ে
চলে গ্যাছে আরো উপরের দিকে
সেই গাছে নানাস্বাদের অমৃতফল
সেইসব ফলের নাগাল
আর পাওয়া যাবেনা কখনও

[ তিন ]

কুয়াশায় দেহ জড়িয়ে যায়
শীত শীত করে -
নুলোপায়ে উঠে আসি পাহাড় চূড়োয়
চারপাশে সাদা আর নীল নিরাকার
ঠোঁট কাঁপে
বরফচাদর এসে ঢেকে দ্যায় আমার

[চার ]

কিছু কথা বলব বলে
আকাশকে দেখলাম
তোমার পাতাচোখে রাতের কান্না লেগে  আছে
চারপাশ থেকে মাটিপোড়ার গন্ধ উঠে আসে
নদীর চরায় শুয়েপড়ে চাঁদ
স্মশানের গাছে বাদুড়ের ডানা ঝাপটায়

[পাঁচ ]

রক্তের শীতলতায় কাঁচ ঢুকে গেলে
মাটির গভীরে সাপ আর্তনাদ করে
নাকের পাটায় বিন্দু বিন্দু ঘাম
বেণী দুলিয়ে মেয়েটি হেঁটে আসছিল আলপথ ধরে
পিশাচ-হাত টেনে নিল তাকে
যন্ত্রনায় লাল হল নরম সবুজ

[ছয়]

কতদিন দেখিনি - ছিলেন কোথায় ?
বিস্ময় পাতাহীন শরীরের দিকে চেয়ে
খুঁজলাম তাঁর চোখে মুখ নাক
মন কেমন করা দিনবদলের দিনে
পায়ের তলায় অভ্রকনা লবন ফসফরাস
বেঁচে আছি কি নেই বুঝে নিতে
প্রতিদিন লেপটে  থাকি মেট্রোর চাকায়


 [সাত ]

ঘূর্ণি হাওয়ায়-
ঘুণপোকার তীরন্দাজী নিশানা
উবু হয়ে বসে আছো কেন?
দুঃখ শুধু তোমারই আছে !

লাদাখের মেয়ে
গান গাইল বরফ সন্ধ্যায়
শুনল চরমীগাইয়ের দল
আমি সেই গানের নদীতে
সব রক্ত নিংড়িয়ে দিই ----

[আট]

কতদিন তোমার কাছে যাইনি
তুমি কি ভুলেছো আমায়
শব্দের সুঁড়িপথে ঘুরতে ঘুরতে
অনেক ডাল -কাদা নুকেলা পাথর
ঝরা পাতায় ভেতর-সরসর-সরসর -
করা সব সরে যায় ---
আমাকে নহরবন্দী করেছে সময় --

[নয়]

বাঁচাতে চেয়েও আমি মোর গেলাম
তোমার পৃথিবী বাঁচতে দিলনা

সহজ কথাটা সহজভাবে বলতে গিয়ে
চারবার হোঁচট খেল কবি লাইট ক্যামেরার সামনে
অথচ টিটকারি বা হাততালি দেওয়ায় জন্য
সেখানে কেউ ছিলনা ----

একটা কাক বহুক্ষণ ধরে ঢাকছে
মহানিমের ডালে -
হয়তবা বিগতজন্মের কথা তার মনে পড়ে গেছে

[দশ]

পিতামহের গন্ধমাখা গাছটির তলায় এসে দাঁড়াই
চারপাশে ধানক্ষেত দূরে দূরে গ্রাম
আলের আড়ালে আড়ালে
রোদ ও বাতাসের লুকোচুরি খেলার রহস্য
                            এখনও মোছেনি -------
অজগর শেকড়ে মাথারেখে ঘুমিয়ে পড়ার আগে
কন্ঠায় নেমে আসা টাঙ্গির ফলাটিকে
                              বিস্ময় দেখি -----

Sunday, July 29, 2018

প্রশান্ত বারিক

প্রশান্ত বারিকের কবিতা 


জ্বলে যাওয়া 


আজ কোনো কথা নয়, গান নয় -
আজ শুধু জ্বলে যাওয়া। ...
মাটির প্রদীপ  হয়ে বসে থাকা 
               তুলসী তলায়। 


কৃষক 


বৃষ্টি-স্নাত ওই উর্বরা ভূমির দিকে চেয়ে 
নেচে উঠে আমার এই কৃষিকের মন. 
অথচ ও মাটি আমার নয়-
তার, যে জানেনা প্রকৃত কর্ষণ। 


মানুষ 


ঘাস ও পাথরের সহনশীলতা 
             আমার নেই.
আমি তো চিরকালের সেই এক 
ছেঁড়া ফাটা সামান্য মানুষ। ..
মৃদু রক্ত ক্ষরণে তাই আর্তনাদ।...
অগ্ন্যুত্পাতে ফেঁপে ওঠে,
                 ভেতর বাহির।


থেকো যেনো তুমি 


এই যে পথ , দুই পাশে দেবদারু বীথি -
এই পথে একদিন - নগ্ন পায়ে-
একা একা চলে যাবো আমি। 
দুঃখ করোনা তাতে।
এই রকম এলোচুলে-
শাঁখা ও সিঁদুরের গন্ধভরা দেহে 
সেদিনও  অন্য কারো প্রতীক্ষায় থেকো যেন তুমি।


নক্ষত্র গান 


ঘুমন্ত তোমার দেহ থেকে 
দস্যু হাত-গুলি। ....
নির্মম ছিঁড়ে নিলো, ফুল  ও  সজীব যত পাতা। .
যন্ত্রনায় কিরকম ফেঁপে উঠল শাখা প্রশাখা। 
তবু তুমি , প্রতিবাদ করলে  না কেনো 
কেননা তখন, হিরণ্ময় নক্ষত্রের গানে - ভরে আছে ,
                                       হৃদয় তোমার। 


 ফিরে আসা 


মাটির  গভীরে শুয়ে দেখি 
তোর দুচোখে এতো মায়াবী স্বপ্ন। ..
হাস্নুহানার গন্ধ চারদিকে। ..
অন্ধকার খাদের ভেতর থেকে 
তাই তো বারে বারে উঠে আসি -
কঙ্কাল হাতখানি দিয়ে ছুঁতে যাই 
তোর ঘুমন্ত মুখের  ফুল..


 গাছ 

(শশাঙ্খ শেখর মুখোপাধ্যায় শ্রদ্ধাভাজনেষু )

প্রকৃত  গাছের কাছে এলে 
তৃণতম এ যায় মানুষ-
তখন সমূহ অহংকার তার 
সবুজ নির্যাস হয়ে 
        ভূমিতে লুটোয়। 
প্রকৃত গাছের কাছে এসে 
বুঝেছি  এই নিরালায়। 


ওষধি বৃক্ষের তলে 

(ধূর্জটি চন্দ শ্রদ্ধাভাজনেষু )

সব পথেই কিছু কিছু কাঁটা থাকে,
খানা খন্দ থাকে। ....
তবু এসবই শেষ কথা নয়-
সন্ধ্যার সে নদীর ঘাটে 
নক্ষত্রের আলো বুকে, প্রতীক্ষায় থাকে এক 
                                গন্ধ বকুল। ......
তখন সমস্ত ক্ষত মুলে-
শীতল-চন্দন  গন্ধ ,
ওষুধি বৃক্ষের তোলে, দুলে উঠে প্রিয়  ভূমি, 
                          আদিম নিবাস।

তবে কেন তুমি আজ 

 ( অপূর্ব মজুমদার শ্রদ্ধাবাজনেষু )

যদিও পাথর।... তবুও তোমার তো ছিল জানি, 
ঢোল ঢোলে কালো জল। ...
ভাঁট ফুল। ....উড়িধান। ....পদ্ম। ... সালুক -
ছিল প্রিয়  আঁশ গন্ধ , ...কোমলতা নীল শঙ্খিনীর। 
তবে কেন তুমি আজ জলজ স্বপ্নহীন। .স্মৃতিহীন। ....
আত্মাহীন কামী ,ধু ধু মাঠে নির্ঘুম পড়ে থাকো এক-
নোন বুক ক্ষয়ে যায়- তীব্র সূর্যোদহনে। ...
পরমান্ন হাতে নিয়ে উঠে কোনো আসে না তো 
                          অন্নদা সুজাতা। 



করিডর 


কে ও ? ফুল নাকি। 
সাদা গাউন পরে স্টেথিস্কোপ হাতে হেঁটে গেল 
টিমটিমে আলো জ্বলা সুনসান করিডর দিয়ে। ......

অজস্র ঝিঁঝিপোকা, ঝিঁঝিপোকার গুঞ্জন মাথার ভেতর। 

বালিয়াগুড়ির ডাঙায় দাঁড়িয়ে অপরূপ সূর্যাস্ত -

কচি-ধান খাওয়ার অপরাধে 
হরিণীর মত সুন্দর প্রথম গর্ভীনী আমাদের ছাগলটিকে 
অহি মোড়ল আলের উপর আছড়ে মেরে ফেললে ,

ওঃ মাগো।  কি রক্ত-
ছাগল খুঁজতে খুঁজতে -
দিদির হাত-ধরে, বালিয়াগুড়ির রক্তিম ডাঙায় দাঁড়িয়ে সূর্যাস্ত। ......
                               সেই কবে ? সেই  কবে ?

অজস্র ঝিঁঝিপোকা ,ঝিঁঝিপোকার  গুঞ্জন মাথার ভেতর। 
হলুদ ঝিঙে ফুলে , ঝিঙে ফুলে ভোরে যাচ্ছে রাঙামাটির উঠোন আমার -
গভীর অন্ধকার নেমে  আসছে
 বাঁশ বাগানের মাথার উপর থেকে শ্রাবন সন্ধ্যার ঝমঝম অন্ধকার। ......

অজস্র ঝিঁঝিপোকা কোথায় অন্ধকারে- কেবলই গুঞ্জন 
অন্ধকার থেকে মাথার ভেতর।

কে ও ? ফুল নাকি !
সাদা গাউন পরে স্টেথিস্কোপ হাতে চলে গেল, 
সম্মুখে আমার -অজগরের হাঁ টিমটিমে আলো জ্বলা ওই সুনসান লম্বা করিডর -.

Facebook Comments