html

Showing posts with label মনীষা কর. Show all posts
Showing posts with label মনীষা কর. Show all posts

Saturday, July 28, 2018

মনীষা কর বাগচী

হিসাব মেলেনা

মনীষা কর বাগচী


জীবনের শেষ কোথায় শুরু কোথায়
কবে হবে ছাড়াছাড়ি কবে হবে মিলন
কেউ জানে কি?????
শেষ আর শুরুর মাঝখানে ফেঁসে থাকি
তুমি আমি আমরা সবাই।
মিলন বিরহের মাঝে যে লম্বা ব্যবধান
তাই চাওয়া পাওয়ার হিসাব মেলেনা কারো।



প্রিয় সবুজ


অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা চিঠি লিখব কিন্তু নানা রকম জড়তা কাটিয়ে আর লেখা হয়ে ওঠে না। আজ না লিখে পারছি না আজ না লিখলে আর হয়তো কোনোদিও লেখা হবে না তাই.....

পাহাড় নদী গাছ ফুল পাখি আমার প্রিয় গান প্রিয় কবিতা সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়ে গেছে শুধু  বাকি আছ তুমি । আমার সময় শেষ। ছুটির ঘন্টা বেজে উঠবে যে কোনো সময়। ডাক্তার বলেছে আর বেশি সময় নেই।

তুমি সেদিন বলেছিলে আমাকে ভুলে যেও। সুখী হয়ো। যেখানেই থাকি না কেন তুমি সুখী হলে আমি সুখী হব কেননা তোমার সুখেই আমার সুখ।

আমার সুখে তোমার সুখ তাই সুখী হওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছি সারাটিজীবন। তোমাকে দেখিয়েছি আমি ভীষণ ভালো আছি। আমি খুব সুখে আছি। এমন ভান করেছি যে তোমাকে একেবারেই ভুলে গেছি।

আজ যাবার আগে তোমাকে সত্যি কথাটা বলে যেতে চাই..... আমার কবিতারা জানে আমি একটুও ভালো নেই। আমার আকাশ আমার বাতাস আমার সোনালী ভোর আমার গোধূলির সূর্য সবাই দেখেছে আমার চোখের জলের সমুদ্র। সবাই দেখেছে আমার কান্না ভেজা চোখ।

তুমি বিশ্বাস করবে? আমি তোমাকে একদিনের জন্যও ভুলিনি। ভোলা যায় না।

ভাগ্যের পরিহাসে আমরা এই দুনিয়ায় এক হতে পারিনি। ঐ দুনিয়ায় তোমার অপেক্ষা করব..... অপেক্ষা করতে থাকব দিন দিন মাস মাস বছর বছর হাজার বছর বিশ্বাস করো।
ইতি---
       তোমার ভালবাসা

Tuesday, April 10, 2018

মনীষা কর

মন খারাপ

মনীষা কর


অনিমেষ সকাল থেকে একটা কথা ভুলে যেতে চাইছে কিন্তু ভুলতেই পারছে না। অন্য দিনের মতো আজও একটা লাল টুকটুকে সূর্য উঠেছে। শীতল বাতাসে শিউলির ঘ্রাণ ম ম করছে। চড়ুই গুলো ব্যালকনীতে কিচিরমিচির করছে। অন্য দিন অনিমেষ ওদের খাবার দেয় জল দেয় আজ কিছুই দিল না। সূর্যের সোহাগ, শিউলির সকাল, শীতল করা হাওয়া আজ কিছুই ওর ভাল লাগছে না। দশ বছর আগে ঠিক এই দিনটিতে কত ভালবেসে কত আদরের সাথে টুকটুকে সুন্দর নূতন বউ মোহনাকে ঘরে তুলেছিল সে। সে কি ভালবাসা ছিল দুজনের মধ্যে। একজন একজনকে ছেড়ে যেন এক মুহূর্তও থাকতে পারত না। খুব কষ্টে দুজন একে অপরকে ছেড়ে ডিউটি যেত।

কিন্তু কার যেন নজর লেগে গেল ওদের ভালবাসায়। একটু সামান্য ভুলের জন্য মোহনা ওকে ছেড়ে চলে গেল। আজ পাঁচটি বছর ওর মোহনা ওর কাছে নেই। শুধু অপেক্ষা আর অপেক্ষা......

অনিমেষের খুব জানতে ইচ্ছে করে মোহনা কি  সত্যিই তাকে ভুলে গেছে?????

Saturday, April 7, 2018

মনীষা কর

নতুন ভোর

মনীষা কর


রক্তের নদীতে ভাসছি আমরা সবাই
চারিদিকে চিল শকুনের ভরমার
কে কাকে ছিঁড়ে খাবে সেই চেষ্টা অহরহ।

নরপিশাচেরা আগুন উগলায়
মানবতাহীন মানবের তান্ডব দিকেদিকে
ভালবাসাহীন হৃদয়ে হৃদয়ে হিংসা জ্বলছে।



আমি বারবার মুখ ঢাকি
অসহ্য বিষবাস্প সহ্য করতে পারি না আর.....


বৃদ্ধাশ্রম থেকে শুনতে পাই মায়ের কাতরানি
ভাবি মা কেন সহ্য করে প্রসব যন্ত্রণা
পাথরের চাই গুলোকে জন্ম দেওয়াই কলঙ্ক।


মৃত্যুর আগেই বহুবার পুড়ে ছাই হলাম
তবু আশা ছাড়িনি......

একদিন বইবে শান্তিগঙ্গা এই পৃথিবীর বুক চিরে
রক্ত বৃষ্টি বন্ধ হবে সেদিন
ভেজা মেঘ পাঠাবে দুধের ফোয়ারা
ভাই কাটবেনা ভাইয়ের গলা
মেয়ে বিক্রি হবে না আর পতিতালয়ে।


ভোরের পাখি জাগার আগে শিমুলরঙা সূর্যটা
মিটি মিটি হেসে বলবে
চেয়ে দেখো.....


তোমারদের জন্য এনেছি এক নতুন ভোর!





লক্ষ্যতে পৌঁছাবে নিশ্চিত



বহুকাল ধরে ঘুণ ধরা কাঠের দরজার মত
ভিতরে ভিতরে শেষ হচ্ছিল মেয়েটি


হঠাৎ যেন কি হল তার
ভয়ঙ্কর একটা সুনামি এল
ভাসিয়ে নিয়ে গেল তার সমস্ত
অসহায়তা...


মেরুদন্ড সোজা করে দাঁড়াতে
শিখে গেছে সে
দুহাতে উত্তপ্ত সূর্যটাকে ধরে নিয়ে
উষ্ণতা শুষে নিয়েছে অনেকখানি.....

ধুলো মলিন পাখা দুটি ভালো করে
ঝেড়ে নিয়ে উচ্চ উড়ান ভরার জন্য


প্রস্তুত সে এখন।

দুর্বার তার গতি, ভয় পায়না আর
সামনে খড় কুটো পাহাড় পর্বত
যা-ই আসুক
তোয়াক্কা করে না কাউকে....


সে চলছে এবং চলবে
লক্ষ্যতে পৌঁছাবে নিশ্চিত।


মৃত্যুদণ্ড দিন



মেয়ে হয়ে জন্মানো যদি অপরাধ হয়ে থাকে
মানুষকে ভালবাসা যদি অপরাধ হয়ে থাকে
ঘরের বাইরে পা রাখা যদি অপরাধ হয়ে থাকে
বড় হওয়ার স্বপ্ন দেখা যদি অপরাধ হয়ে থাকে
তবে হ্যাঁ আমি অপরাধ করেছি.......

কবিতার জোয়ারে গা ভাসিয়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে
না পাওয়ার বেদনায় মন উদাস হওয়া যদি অপরাধ হয়ে থাকে
আকাশকে নদীকে ভালবেসে ইচ্ছেনদীর বয়ে যাওয়া যদি অপরাধ হয়ে থাকে
গাঙচিল গঙ্গাফড়িং সবুজ শেওলাকে ভালবাসা যদি অপরাধ হয়ে থাকে


তবে হ্যাঁ আমি অপরাধ করেছি.........
ছোট্ট কুড়েঘরকে তাজমহল বানানোর স্বপ্ন দেখা যদি অপরাধ হয়ে থাকে
চাপলুশি না করতে পারাটা যদি অপরাধ হয়ে থাকে


মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করতে থাকা যদি অপরাধ হয়ে থাকে
সংসারের মঙ্গলের জন্য দিনরাত এক করে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে
তবে হ্যাঁ আমি অপরাধ করেছি......


মহামান্য আদালত আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন।
আমার লাল রক্ত শুকিয়ে নীল হয়েছে, জ্যোৎস্নার আলো
দাউদাউ করে জ্বলছে.....

সামনে পিছনে ডাইনে বায়ে নিকষ কালো অন্ধকার
আলোর ঠিকানা হারিয়ে ফেলেছি আমি.....


এরমধ্যে বেঁচে থাকার থেকে মৃত্যু অনেক ভালো
মৃত্যু অনেক ভালো।।

Facebook Comments